জামিন পেলেন সীমা অক্সিজেনের পরিচালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার প্রতিষ্ঠানটির পরিচালক পারভেজ উদ্দীন সান্টু’র জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত তার জামিন মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ জানান, পারভেজ উদ্দিনের আইনজীবী তার জামিনের জন্য আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জিহান সানজিদার আদালত জামিন আবেদনের অধিকতর শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছিলেন। বুধবার শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে।

গত ১৪ মার্চ সন্ধ্যায় নগরের জিইসি মোড় থেকে পারভেজ উদ্দীনকে গ্রেফতার করে শিল্প পুলিশ। ১৫ মার্চ তাকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে গত ৪ মার্চ বিকালে কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন লিমিটেডের কারখানায় বিস্ফোরণে ৬ জন নিহত হন। পরে চিকিৎসাধীন আরও একজন মারা যান। এই ঘটনায় নিহত মো. সালাহউদ্দিনের স্ত্রী রোজিনা বেগম কারখানা পরিচালনায় অবহেলার অভিযোগ তুলে ৬ মার্চ রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মামলায় কারখানা মালিক তিন ভাই সীমা অক্সিজেন লিমিটেডের এমডি মো. মামুন উদ্দীন এবং দুই পরিচালক আশরাফ উদ্দীন ও পারভেজ উদ্দীনসহ ১৬ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights