মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেমিনার অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
শাহজাদপুরে বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা বিষয়ের উপরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মহাসড়কে এ সেমিনারের আয়োজন করা হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ। সেমিনারে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তরের পরিকল্পনা কর্মকর্তা চন্দন মন্ডল ও গবেষণা কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যান্যরা। সেমিনারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহন করেন। মহাসড়ক অবরোধ করে সেমিনার করায় মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অনুকূলে যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন। গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধন, মহাসড়কের প্রতিকী ক্লাসহসহ নানা ধরনের আন্দোলন করছে। সমস্ত শর্তপূরণ ও প্রমাণক সরবরাহের পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি’র অনুমোদন কেন হচ্ছে না, প্রশ্নটি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সাধারণ মানুষকে হতাশ করেছে। প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও বার বার পরিবর্তন করে মাত্র ৫ শত ১৯ কোটি ১৫ লক্ষ টাকার বরাদ্দ সরকার কেন দিচ্ছে না তা নিয়ে সচেতন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights