খুলনায় চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার দিঘলিয়ার বারাকপুর ইউপি চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি শেখ আনসার আলীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

আজ শুক্রবার নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিরোমনি পূর্বপাড়া বায়তুল আকসা জামে মসজিদে নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন আনসার শেখ। মসজিদ থেকে ৫০ গজ দূরে আসামাত্র আগে থেকে মোটরসাইকেলে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ৬ থেকে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, শুক্রবার তিনি জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লিন্ডা ক্লিনিকের সামনে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। তার শরীরে পরপর তিনটি গুলি করা হয়। আনসার শেখের বুকের বাম পাশে বগলের নিচে গুলি লেগেছে। আশপাশের সিসি ক্যামেরাসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, নিহত আনসার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি। তিনি দীর্ঘদিন খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় বসবাস করতেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights