‘ভূতের মুখে রাম নাম’, হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান : অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, এখন ভূতের মুখে রাম নাম উঠেছে। শেখ হাসিনা নিজেও বলেছেন, উনারা নাকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চান।

আজ বুধবার অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে শুনানির অনুমতি দেওয়ার পর ব্রিফিংয়ে আসেন অ্যাটর্নি জেনারেল।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী (তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা) বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছিলেন। আমরা আজকে আদালতে বলেছি, এখন আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চাই। আমরা মনে করি, দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। এর ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো মা-বাবা তার সন্তান হারাবেন না, কোনো ভাই তার ভাইকে হারাবে না, কোনো সন্তান তার মা-বাবাকে হারাবে না। আর কখনো রক্ত দিয়ে ভোটের ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে না।

তিনি আরও বলেন, আগের সরকার বলতো কখনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না। কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেই ছিল অনির্বাচিত। আমরা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলাম। এখন আবার ভূতের মুখে রাম নাম উঠেছে। শেখ হাসিনা নিজেও বলেছেন, উনারা নাকি তত্ত্বাবধায়ক সরকার চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights