ভূরুঙ্গামারীতে ভেজাল সার বিক্রি ও অবৈধ মজুদ: মোবাইল কোর্টে দুই লাখ টাকা জরিমানা ও সিলগালা

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল টিএসপি সার বিক্রি ও অবৈধ মজুদের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠান মেসার্স আল-আদিয়াত ট্রেডার্সের গোডাউন সিলগালা করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি অফিসের একটি দল গছিডাঙ্গা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করা হয় এবং গোডাউন সিলগালা করা হয়। এর আগেই প্রায় ৪০ বস্তা সার স্থানীয় চৌধুরী বাজারে বিক্রি করা হয়েছে বলে জানা যায়। উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে।

অভিযান পরিচালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সরোয়ার তৌহিদ, উপসহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অন্যান্য টিম সদস্যরা। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রকে জানানো হলে তিনি বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ইউএনও দীপ জন মিত্র জানান, “ভেজাল টিএসপি সার বিক্রির অপরাধে সার ব্যবস্থাপনা আইনের বিধান অনুযায়ী আল-আদিয়াত ট্রেডার্সের মালিক আবু মোতালেব শাহিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “পয়সা দিয়ে ভেজাল সার কিনে জমিতে দিলে কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়।” একইসঙ্গে অভিযোগ করেছেন—খুচরা বাজারে সরকারি নির্ধারিত ১,০৫০ টাকার পরিবর্তে ১,৭০০-২,০০০ টাকা ছাড়া সার বিক্রি হচ্ছে না।

অভিযানকালে স্থানীয় কৃষক ও ব্যবসায়ী মহল, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights