আগামী তিন দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আগামী তিন দিনে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমারসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে শরতেও আবার বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে তিস্তা নদীর পানি লালমনিরহাট ও নীলফামারী জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে রংপুর বিভাগের কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশ এবং ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশের উজানে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

আগামী ৭২ ঘণ্টা (১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল বৃদ্ধির দিকে যেতে পারে।

এ সময় তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া টাঙ্গন, পুনর্ভবা, আপার আত্রাই, আপার করতোয়া ও ঘাঘট নদীর পানি সমতলও আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী চার দিনে পানি বৃদ্ধি পেতে পারে, যদিও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights