নোবেল চাইলে ট্রাম্পকে গাজা যুদ্ধ থামাতে হবে: ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক

নোবেল চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজা যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা অবস্থায় মঙ্গলবার ম্যাক্রোঁ এই মন্তব্য করেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে গাজার যুদ্ধ থামাতেই হবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন- ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কেবল একজনের হাতেই আছে, আর তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ, ফ্রান্স এমন কোনও অস্ত্র বা সরঞ্জাম সরবরাহ করে না, যা দিয়ে গাজায় যুদ্ধ চালানো সম্ভব। কিন্তু যুক্তরাষ্ট্র তা করে।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করছে। তার দাবি, এটি হামাসকে পুরস্কৃত করার শামিল হবে। তবে একইসঙ্গে তিনি বলেন, আমাদের অবিলম্বে গাজার যুদ্ধ থামাতে হবে এবং শান্তি আলোচনায় বসতে হবে।

ম্যাক্রোঁ ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে বলেন, আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি, যিনি বিষয়টিতে সম্পৃক্ত। যিনি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন- আমি শান্তি চাই। আমি সাতটি সংঘাত সমাধান করেছি। তিনি নোবেল শান্তি পুরস্কার চান। আর সেটি সম্ভব হবে তখনই, যখন এই যুদ্ধ বন্ধ করা যাবে।

এর আগে কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানসহ কয়েকটি দেশ শান্তিচুক্তি ও অস্ত্রবিরতি ঘটানোর ভূমিকার জন্য ট্রাম্পকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। ট্রাম্প নিজেও দাবি করেন, নরওয়ের প্রদত্ত এই সম্মান তিনি পাওয়ার যোগ্য। তার আগে যুক্তরাষ্ট্রের চারজন প্রেসিডেন্ট এ পুরস্কার অর্জন করেছেন। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights