‘ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ছিল আনচেলত্তি’
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ শুরুর আগে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হয়েছিল ব্রাজিল। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেলেকাওরা। আর্লিং হালান্ডের জোড়া গোলে শেষ হয়েছে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
ব্রাজিলের এই ব্যর্থতার পর দল, কোচিং এবং কৌশল নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। ব্রাজিলিয়ান সাবেক কোচ কার্লোস পেরেইরা মনে করেন, এই হতাশাজনক ফল অপ্রত্যাশিত নয়। তার মতে, ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ছিল কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্ত ও প্রস্তুতির ঘাটতি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা কার্লোস ব্রাজিলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে বলেন,‘এবারের ব্রাজিল খুবই হতাশ করেছে। দলের প্রস্তুতি ভালো ছিল না এবং অনেক ফুটবলার নিজেদের সেরা ছন্দে ছিল না। বিশ্বকাপের আগেই আমি বলেছিলাম, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ব্রাজিলের চেয়ে বেশি।’
১৯৯০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলো ব্রাজিল। শেষ ষোলো থেকে বিদায়ের মাধ্যমে আবারও সামনে এসেছে দলটির দীর্ঘদিনের সমস্যাগুলো।
আক্রমণে সুযোগ নষ্ট, মাঝমাঠে সৃজনশীলতার অভাব, নির্ভরযোগ্য স্ট্রাইকারের ঘাটতি এবং ভিনিসিয়ুস জুনিয়রের ওপর অতিরিক্ত নির্ভরতা, সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে ব্রাজিলকে কখনোই আত্মবিশ্বাসী মনে হয়নি বলে মত কার্লোসের।
তিনি বলেন,‘ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ছিল কোচ। অনেক খেলোয়াড়কে তিনি ঠিকভাবে চিনতে পারেননি। কারণ, বর্তমান সময়ের বেশিরভাগ ফুটবলার দীর্ঘদিন ব্রাজিলের ঘরোয়া ফুটবলে খেলেন না। ফলে তাদের সম্পর্কে ধারণা তৈরি করা কঠিন হয়ে পড়ে।’
নরওয়ের বিপক্ষে ম্যাচে নেইমারকে শুরু থেকে না নামানোর সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেছেন কার্লোস পেরেইরা। তার মতে, এই সিদ্ধান্ত ম্যাচের ফল বদলে দিতে পারত।
তিনি বলেন,‘আমার মতে, নেইমারের শুরু থেকেই খেলা উচিত ছিল। প্রয়োজন হলে পরে তাকে তুলে নেওয়া যেত। নেইমার মাঠে থাকলে পেনাল্টি নেওয়ার দায়িত্বও তার হতে পারত এবং ব্রাজিল এগিয়ে গেলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত।’
