মিসর-আর্জেন্টিনা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা, কি ঘটতে পারে ম্যাচে?
অনলাইন ডেস্ক
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল মিসরের মধ্যকার মহারণ ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাত ১০টায় ২০২৬ ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এই দুদল। মাঠের লড়াইয়ে নামার আগে দুই দলের অতীত পরিসংখ্যান ও রেকর্ড আলবিসেলেস্তেদের দিকেই ভারী।
বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও মিসর। এর আগে ২০০৮ সালে কায়রোতে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দেখা হয়েছিল দুদলের, যেখানে সার্জিও আগুয়েরো ও নিকোলাস বুর্দিসোর গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। চোটের কারণে সেই ম্যাচে মাঠে নামতে পারেননি মহাতারকা লিওনেল মেসি।
পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে দেখা যায়, বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড বেশ দুর্দান্ত। বিশ্বমঞ্চে আফ্রিকার দলগুলোর বিপক্ষে নিজেদের সর্বশেষ আটটি ম্যাচেই জয় পেয়েছে ল্যাটিন আমেরিকার এই পরাশক্তি। চলতি আসরেও তারা আফ্রিকার দুই প্রতিনিধি আলজেরিয়াকে ৩-০ এবং কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়েছে। আজকের ম্যাচে যদি লিওনেল স্কালোনির শিষ্যরা মিসরকে হারাতে পারে, তবে বিশ্বকাপের এক আসরে তিনটি আফ্রিকান দলকে হারানোর এক অনন্য ও নতুন ইতিহাস গড়বে তারা। এর আগে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোনো দল এক আসরে তিনটি আফ্রিকান দলের বিপক্ষে জয় পায়নি।
আর্জেন্টিনার সামনে আজ উরুগুয়ের একটি প্রাচীন রেকর্ড স্পর্শ করার সুযোগও থাকছে। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ১০ ম্যাচের প্রতিটিতেই অন্তত দুটি করে গোল করার কীর্তি রয়েছে আকাশী-নীলদের। মিশরের বিপক্ষেও যদি তারা দুই বা তার বেশি গোল করতে পারে, তবে ১৯৩০ থেকে ১৯৫৪ সালের মধ্যে উরুগুয়ের গড়া টানা ১১ বিশ্বকাপ ম্যাচে অন্তত দুই গোল করার ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নেরা।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের পারফরম্যান্সেও স্পষ্ট ব্যবধান রয়েছে দুদলের। গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের সবকটিতে জয় পেয়ে দাপটের সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে পা রেখেছে আর্জেন্টিনা। অন্যদিকে, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিতে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে মিসরকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আফ্রিকার সাতবারের চ্যাম্পিয়নরা।
মিসরের জন্য আর্জেন্টিনার রক্ষণভাগ ভাঙাটা বেশ বড় চ্যালেঞ্জ হবে। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ছয় ম্যাচে তারা আটটি গোল করলেও হজম করেছে নয়টি গোল। তবে মিশরের মূল ভরসা তাদের অধিনায়ক মোহাম্মেদ সালাহ, যিনি বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন। চলতি আসরে এপর্যন্ত ১৬টি গোলের সুযোগ তৈরি করেছেন এই ফরোয়ার্ড। আজ আর্জেন্টিনার বিপক্ষে আর মাত্র দুটি সুযোগ তৈরি করতে পারলে ২০১০ বিশ্বকাপে ঘানার কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের গড়া এক আসরে কোনো আফ্রিকান ফুটবলারের সর্বোচ্চ ১৮টি সুযোগ তৈরির রেকর্ড স্পর্শ করবেন সালাহ।
ম্যাচের ভাগ্য নির্ধারণে অপটার সুপারকম্পিউটারও আর্জেন্টিনাকে অনেকখানি এগিয়ে রেখেছে। ম্যাচের আগে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে সুপারকম্পিউটার জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯.৬ শতাংশ, যেখানে মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১১.৫ শতাংশ। আর ১৮.৯ শতাংশ ক্ষেত্রে নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পারে।
