কুড়িগ্রামে কালজানি ও দুধকুমার নদীতে ভেসে আসছে হাজারো গাছের গুড়ি, তুলতে গিয়ে ব্যবসায়ী নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি: ০৬.১০.২০২৫

উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে ভারতের অভ্যন্তর থেকে কালজানি ও দুধকুমার নদ দিয়ে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি ও কাঠ। এসব কাঠ স্থানীয়রা নানা উপায়ে নদী থেকে তুলছেন। তবে কাঠ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানোর আশঙ্কাজনক ঘটনাও ঘটেছে। নাগেশ্বরীতে তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন মনসুর ব্যাপারী (৩৮) নামের এক ধান ব্যবসায়ী।

রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে কালজানি নদীর কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ঢলডাঙা, শালঝোড়সহ বিভিন্ন এলাকায় ভেসে আসা গাছ সংগ্রহে নামেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, এসব কাঠ ভারি বৃষ্টিপাতে ভারতের বনাঞ্চল থেকে স্রোতের টানে ভেসে এসেছে। অনেক গাছ শেকড়সহ উপড়ে এসেছে, আবার কিছু গাছ আগে থেকেই কাটা ছিল।

স্থানীয়দের ধারণা, ভুটান থেকে জয়গা এলাকা হয়ে ভারতের হাসিমারা ফরেস্ট বা আশপাশের বনাঞ্চল থেকে এসব কাঠ ভেসে এসেছে। সীমান্তবর্তী বাসিন্দারাও জানান, হাসিমারা অঞ্চলে কয়েকদিনের ভারি বৃষ্টিতে প্রবল স্রোত সৃষ্টি হয়, যা এসব গাছ ভাসিয়ে এনেছে।

শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, “নদীতে শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছে। লোকজন নৌকা দিয়ে সাতরিয়ে গাছ ধরে আনছে। এত কাঠ কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না, তবে ভারত থেকেই এসেছে এটা নিশ্চিত।”

অন্যদিকে সোমবার (৬ অক্টোবর) সকালে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলারভিটা এলাকায় দুধকুমার নদে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন মনসুর ব্যাপারী নামে ওই ধান ব্যবসায়ী। সকাল ৮টার দিকে নদীতে নামার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গেলেও তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নদীপাড়ে বর্তমানে নিখোঁজ ব্যক্তির পরিবার ও শত শত মানুষ জড়ো হয়েছেন। এলাকাজুড়ে এ ঘটনায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights