বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জবিতে দুই দিনব্যাপী সভা ও সেমিনার
রাকিব মাজহার,জবি প্রতিনিধি:
‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫’ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগে দুই দিনব্যাপী বিশেষ সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য — “Access to Service: Mental Health in Catastrophes and Emergencies।”
সোমবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সকাল ১১টায় মনোবিজ্ঞান বিভাগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মালিক আকরাম হোসাইন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরিফুল হক।
সেমিনারে বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, সংকটকালে মানসিক সেবায় প্রবেশাধিকারের চ্যালেঞ্জ এবং শিক্ষার্থীদের মানসিক সুস্থতা রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া সেমিনারের অংশ হিসেবে ডিপ্রেশন, অ্যাংজাইটি ও স্ট্রেস ফ্রি এসেসমেন্ট কার্যক্রম এবং সেল্ফ-অওয়ারনেস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা নিজেদের মানসিক অবস্থা ও মোকাবিলা কৌশল সম্পর্কে সচেতন হওয়ার প্রশিক্ষণ পান।
আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দ্বিতীয় দিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য আরও একটি বিশেষ ওয়ার্কশপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রতি বছর ১০ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। চলতি বছর ১০ অক্টোবর শুক্রবার হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ দিবসটি উদযাপন করছে ১৩ ও ১৪ অক্টোবর।
