মানসিক স্বাস্থ্য সচেতনতায় জবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ
রাকিব মাজহার,জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ‘ডিপ্রেশন ও আত্মহত্যা প্রতিরোধ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু বকর খানের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শহীদ সাজিদ ভবনের গ্রাউন্ড ফ্লোরে এ আয়োজন করা হয়।
সেমিনারের উদ্বোধনী বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন। সমাপনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও ন্যাশনাল এমপাওয়ারমেন্ট ক্লিনিকের (নেক) প্যানেল সাইকোলজিস্ট মো. বদিরুজ্জামান সুমন।
মাহমুদা হাবিবা বলেন, “আমাদের দেশে সাধারণ চিকিৎসাসেবা পাওয়া যেখানে কঠিন, সেখানে মানসিক চিকিৎসা আরও ব্যয়বহুল ও অপ্রাপ্ত। নিজেদের মধ্যে সচেতনতা গড়ে তোলা, কাছের মানুষদের সঙ্গে মন খুলে কথা বলা এবং মানসিক কষ্ট ভাগাভাগি করার মাধ্যমেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা সম্ভব। একই সঙ্গে আমাদের চারপাশের মানুষের খোঁজখবর রাখাও জরুরি।”
উদ্যোগের উদ্যোক্তা আবু বকর খান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডে বিশ্বাসী। জবির অনেক শিক্ষার্থী নানা মানসিক চাপে ভুগে হতাশ হয়ে পড়ে। তাদের সহায়তা করতেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মাহবুব নাহিদ, এবং গবেষক ও নেক চেয়ারম্যান মাহাদী-উল-মোর্শেদ।
