শিক্ষক সংকট ও গবেষণা সুবিধা বাড়ানোর দাবিতে জবিতে ‘দাবি সপ্তাহ’

‎
‎
‎রাকিব মাজহার,জবি প্রতিনিধি:
‎
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাতদিনব্যাপী ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি শুরু করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সমাজবিজ্ঞান বিভাগের মানোন্নয়নে ১৭ দফা ও আইন বিভাগের ১২ দফা প্রস্তাবনা পেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
‎
‎কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে স্বাক্ষর সংগ্রহের কার্যক্রমও পরিচালনা করছে।
‎
‎সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানান, বিভাগে ইন্টারনেট সুবিধা, গবেষণার সুযোগ ও শিক্ষক সংকট দীর্ঘদিন ধরে চলছে। তাঁদের অভিযোগ, অনেক শিক্ষক নিয়মিত ক্লাস নেন না, ফলে পাঠদানে বিঘ্ন ঘটে।
‎
‎বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আদিব বলেন, “আমাদের অন্যতম দাবি হলো বিভাগীয় ল্যাবে বেসিক কম্পিউটার কোর্স চালু করা।”
‎আরেক শিক্ষার্থী মো. সায়েম বলেন, “গবেষণার জন্য পর্যাপ্ত অ্যাক্সেস, হাই-স্পিড ইন্টারনেট ও দক্ষ শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে।”
‎
‎শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসীভ বলেন, “আমরা ক্যাম্পাসের প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলোর সমাধানে কাজ করছি। ‘দাবি সপ্তাহ’ কোনো অতিরিক্ত সুবিধা আদায়ের আন্দোলন নয়—এটি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। প্রশাসনের সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা এসব মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।”
‎
‎তিনি আরও বলেন, “ছাত্র রাজনীতির ইতিবাচক ভূমিকা তুলে ধরার লক্ষ্যেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।”
‎
‎
‎
‎
‎
‎
‎
‎
‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights