এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ কবে, জানা গেল

অনলাইন ডেস্ক

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আগামী ১৬ নভেম্বর প্রকাশ করা হতে পারে। শনিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী পুনর্নিরীক্ষণের আবেদনের ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে। সেই হিসাব অনুযায়ী আগামী ১৬ নভেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর শেষ হয় ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া। ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে। অন্যান্য বছরের মতো এসএমএসের মাধ্যমে আবেদন বা সরাসরি বোর্ড অফিসে আবেদন করার সুযোগ ছিল না।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ১৬ অক্টোবর। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

গত বছরের তুলনায় এবার পাসের হার ১৮ দশমিক ৪৪ শতাংশ কমেছে। পাশাপাশি জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights