সিভাসুতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) তিন দিনব্যাপী ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে অংশ নেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।

এসময় তিনি বলেন, আমরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হই, তা কেবল একটি ডিসিপ্লিন বা সেক্টরের দ্বারা সমাধান করা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন পরিবেশগত ক্ষতি মোকাবিলায় চিকিৎসক, বিজ্ঞানী, মৎস্য বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকসহ সবাইকে একসাথে কাজ করতে হবে।

সিভাসু অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, সিভাসু যেমন দক্ষ ভেটেরিনারিয়ান তৈরি করছে, তেমনি নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদা মেটাতেও কাজ করছে। এটি সুনীল অর্থনীতি, সামুদ্রিক সম্পদের ব্যবহার এবং টেকসই জলজ চাষ প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি এখন আর শুধুমাত্র একটি একাডেমিক প্রতিষ্ঠান নয়, এটি উদ্ভাবন, ফলিত গবেষণা এবং শিল্পের সাথে ঘনিষ্ঠ অংশদারিত্বের কেন্দ্র হয়ে উঠেছে ।

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. আখতার হোসেন খান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের প্রখ্যাত ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট এবং ইমেরিটাস অধ্যাপক ড. আলাসডেয়ার অ্যালেক্স জে কুক। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক এবং সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক। এরপর প্রেজেন্টেশন ও প্রদর্শনী স্টল উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

এবারের বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক গবেষক অংশগ্রহণ করছেন। তিন দিনের সম্মেলনে ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights