নির্বাচন বানচালের চেষ্টা রুখে দিতে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন। বুধবার বিকেলে নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেন তিনি।

শফিকুল আলম আরও বলেন, গত তিন নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, এবার তাদের নির্বাচনী কর্মকর্তা হিসেবে রাখা হবে না।

একবিংশ শতকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বড় খুনি নেই, সেটা জাতিসংঘের প্রতিবেদনেই রয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, কেউ কোনো অপকর্ম করে পার পাবে, এটা হবে না। সেই অনুযায়ী কাজ হচ্ছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা থাকছে।

প্রধান উপদেষ্টা আগামী ১৫ নভেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতির কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, পোস্টাল ভোটের জন্যে অ্যাপ রাখবে নির্বাচন কমিশন। নির্বাচনের আগের এবং পরের ৭২ ঘণ্টা কীভাবে সামাল দেয়া হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে।

যেকোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, নির্বাচনী কর্মকর্তা পদায়নের ব্যাপারে স্বচ্ছতা নিশ্চিত করে সে অনুযায়ী কাজ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব নিয়ে কাজ করতে দুটি কমিটি কাজ করবে। ডিজইনফর্মেশনের ব্যাপারগুলোর জন্যও কাজ করতে কমিটি থাকবে। ফেসবুকের সঙ্গেও এ ব্যাপারে কথা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights