যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো ভূমিকম্পের আগাম সতর্কবার্তা সাধারণত পাওয়া যায় না। তবে ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত করে তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠায় কয়েকটি স্মার্টফোন অ্যাপ। এর মধ্যে রয়েছে গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম, মাই আর্থকোয়েক এবং মাইশেক। ব্যবহারকারীরা চাইলে খুব সহজেই এসব অ্যাপে ভূমিকম্পের নোটিফিকেশন পেতে পারেন।

গুগল ২০২০ সালে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু করে। স্মার্টফোনে থাকা ক্ষুদ্র অ্যাক্সিলোমিটারের মাধ্যমে ভূপৃষ্ঠের কম্পন বিশ্লেষণ করে গুগল সতর্কবার্তা পাঠায়। ভূমিকম্পের উৎসস্থল, মাত্রা এবং নিরাপদ থাকার নির্দেশনা। সবই জানানো হয় অ্যালার্টের মাধ্যমে। আশপাশের ব্যবহারকারীদের কাছেও দ্রুত সতর্কবার্তা পৌঁছে যায় বলে জানিয়েছে গুগল।

সতর্কবার্তা চালু করতে স্মার্টফোনের সেটিংসে গিয়ে ‘সেফটি অ্যান্ড ইমার্জেন্সি’ নির্বাচন করতে হবে। এরপর ‘আর্থকোয়েক অ্যালার্টস’ অপশন চালু করলেই ঝাঁকুনি অনুভূত হলে ফোন জানিয়ে দেবে।

বিশ্বজুড়ে এক কোটির বেশি মানুষ ব্যবহার করছেন মাই আর্থকোয়েক অ্যালার্টস ম্যাপ অ্যাপ। এটি একটি ভূমিকম্প পর্যবেক্ষণ অ্যাপ, যেখানে বিভিন্ন অঞ্চলের কম্পনসংক্রান্ত তথ্য পাওয়া যায়। অ্যাপটি বিনামূল্যে ব্যবহারযোগ্য এবং অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই রয়েছে।

যুক্তরাষ্ট্রের বার্কলে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার তৈরি মাইশেক অ্যাপ স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে ভূমিকম্প শনাক্ত করে এবং ব্যবহারকারীদের রিয়েল-টাইম সতর্কবার্তা পাঠায়। একই সঙ্গে সিটিজেন-সায়েন্স প্রজেক্টে তথ্য যোগ করে ভূমিকম্প সতর্কতা ব্যবস্থার উন্নয়নে সহায়তা করার সুযোগও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights