ভালবাসার টানে চীন থেকে মুন্সীগঞ্জে এসে বিয়ে করলেন চীনা যুবক
মুন্সীগঞ্জ প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর প্রেম—সবশেষে চীন থেকে বাংলাদেশে ছুটে এসে বিয়ে করলেন চীনের সিচুয়ান প্রদেশের যুবক লি ইয়ং (৩৮)। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া গ্রামের তরুণী জেসিকা (২৫)–কে বিয়ে করে ইতোমধ্যে শ্বশুরবাড়িতেই থাকছেন তিনি। ঘটনাটি এলাকায় দিনভর আলোচনার জন্ম দিয়েছে।
জেসিকার পরিবার জানায়, দেড় বছর আগে একটি চায়নিজ সিনেমার নিচে মন্তব্য করতে গিয়ে জেসিকার সঙ্গে পরিচয় হয় লি ইয়ংয়ের। নিয়মিত মেসেঞ্জারে কথোপকথনে দ্রুতই ঘনিষ্ঠতা বাড়ে। ছয়–সাত মাসের মধ্যেই দুজন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
গত ১৪ নভেম্বর চীন থেকে জেসিকার বাড়িতে আসেন লি ইয়ং। সেদিনই পারিবারিক সম্মতিতে স্থানীয় কাজি অফিসে সম্পন্ন হয় তাদের বিয়ে। আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও বিয়ে ঘিরে এলাকায় কৌতূহল ছিল চোখে পড়ার মতো। বিয়ের পর থেকে লি ইয়ং শ্বশুরবাড়িতেই আছেন এবং বাংলাদেশের আবহাওয়া, সংস্কৃতি ও পারিবারিক পরিবেশে নিজেকে মানিয়ে নিচ্ছেন। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে ‘আব্দুল্লাহ’।
বিয়ে প্রসঙ্গে জেসিকা বলেন, ‘আমরা প্রথম থেকেই একে অপরকে বুঝতে পেরেছি। সেই বিশ্বাসই আমাদের সম্পর্ককে বাস্তবে রূপ দিয়েছে।’
