সচিব পরিচয়ে সার্কিট হাউসে সরকারি সুযোগ-সুবিধা ভোগ, অতঃপর আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগের সময় যশোর সার্কিট হাউস থেকে আব্দুস সালাম (৬৭) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আটক আব্দুস সালাম যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে।

পুলিশ জানায়, আব্দুস সালাম নিজেকে কখনো রংপুরের জেলা প্রশাসক, কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়ে গত তিন মাসে তিনবার সার্কিট হাউসে ওঠেন ও সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করেন। বুধবার তাকে যশোর রেলস্টেশন থেকে সরকারি প্রটোকল দিয়ে সার্কিট হাউসে নেওয়া হয়। কিন্তু তার নাম এন্ট্রি করার সময় সার্কিট হাউসের কর্মীদের সন্দেহ হলে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার সার্কিট হাউসে যান।

পরে তারা তার সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে তিনি ভুয়া পরিচয় দিচ্ছেন। এরপর তাকে যশোর কোতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, সার্কিট হাউস কর্তৃপক্ষ একজনকে ধরে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে সার্কিট হাউস কর্তৃপক্ষ মামলা করবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights