উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় এক রোহিঙ্গা বৃদ্ধ গুলিতে নিহত হয়। এতে আরও একজন শিশু গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পরে আহত শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত ব্যক্তি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ডব্লিউ-এর বাসিন্দা মৃত হাসিমের ছেলে ছৈয়দ আলম (৬০)। আর গুলিবিদ্ধ ১২ বছরের তাইফুর উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা নুরুল আমিনের ছেলে।
রোহিঙ্গারা জানান, দুই পক্ষের মধ্যে কয়েকশ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে এখানে আতঙ্কে থাকতে হয়।

স্থানীয়দের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার দিবাগত রাতে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ ক্যাম্পে রোহিঙ্গা দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন। গুলিবিদ্ধ হয় এক শিশু।

প্রাথমিক ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights