পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ

অনলাইন ডেস্ক

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন পে স্কেল কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটি। প্রক্রিয়ায় বিলম্ব হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন বলে আশঙ্কা করা হয়।

গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৈঠক সূত্রে জানা যায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন। এ কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন। এই শঙ্কায় পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে।

এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারে এমন শঙ্কায় বিশ্ববিদ্যালয় ও কলেজের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৪ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে। এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট ঘোষণার আলটিমেটাম বেঁধে দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। গত শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

১৫ তারিখের মধ্যে যদি ঘোষণা না আসে তাহলে ১৭ তারিখে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানায় পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights