চট্টগ্রামে গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, দুইজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের বাসভবন (ডিসি হিল)–এর সামনে গাড়িচাপায় অন্তঃসত্ত্বা একটি কুকুরের মৃত্যু হওয়ায় দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে তোফায়েল আহমেদ নামে এক তরুণ মামলা করেন। তিনি নিজেকে ‘পশুপ্রেমী’ হিসেবে উল্লেখ করেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি থানাকে সরাসরি এজাহার হিসেবে মামলা রেকর্ডের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী নাজবিন সুলতানা জেনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ৯৮ ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলাটি করা হয়েছে। এতে পিকআপভ্যানের চালক ও ডিসি হিলের মূল ফটকের নিরাপত্তাকর্মীকে আসামি করা হয়েছে। তাদের নাম আদালতে উল্লেখ করা হয়নি। তদন্তের মাধ্যমে দায়িত্বে থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।

আদালত পুলিশকে ১৫ দিনের মধ্যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তার ও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার আবেদনে বলা হয়েছে, গত ৪ ডিসেম্বর রাত ১১টা থেকে ১২টার মধ্যে নন্দনকানন এলাকায় ডিসি হিলের মূল ফটকের সামনে ওই অন্তঃসত্ত্বা কুকুরটি বসে ছিল। ভেতর থেকে একটি সাদা পিকআপভ্যান বের হওয়ার সময় নিরাপত্তাকর্মী ফটক খুলে দিলেও কুকুরটিকে সরাননি এবং চালককে সতর্কও করেননি। গাড়িটি কুকুরটিকে চাপা দিয়ে চলে যায়। চালক বা নিরাপত্তাকর্মী কেউই আহত কুকুরটিকে বাঁচানোর কোনো উদ্যোগ নেননি—আরজিতে এমন অভিযোগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights