হাদিকে গুলির ঘটনায় খেলাফত মজলিসের তীব্র নিন্দা

অনলাইন প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর চালানো বর্বরোচিত ও প্রাণঘাতী সশস্ত্র হামলায় ক্ষোভ, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন—রাজধানীতে দিনের আলোয় একজন নির্বাচনী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালানো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী নিরাপত্তার ওপর গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।

নেতৃদ্বয় আরও বলেন—হামলাকারীরা প্রকাশ্যে গুলি চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারা অত্যন্ত উদ্বেগজনক। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতার করে ঘটনার পূর্ণ সত্য জাতির সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে সরকারকে শরিফ ওসমান হাদির সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে হবে।

যৌথ বিবৃতিতে তারা আহত শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করেন এবং সহিংসতার মাধ্যমে রাজনীতি নিয়ন্ত্রণের যে বিপজ্জনক প্রবণতা—তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। তারা বলেন—রাজনৈতিক প্রতিযোগিতা নীতি, যুক্তি ও ন্যায়ের ভিত্তিতেই হওয়া উচিত; অস্ত্র, ভয় ও আতঙ্কের মাধ্যমে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights