চট্টগ্রামে ব্যারিস্টার আনিসুল ইসলামের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ছাদেকনগর এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে ৫০–৬০ জনের একটি দল ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে প্রবেশ করে। ঘটনার সময় তিনি ও তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। হামলাকারীদের মুখে মাস্ক ছিল এবং তাদের হাতে অস্ত্র ও লাঠিসোঁটা দেখা গেছে। তারা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরের আসবাবপত্র তছনছ করে। একপর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দিলে সামনে রাখা একটি প্রাইভেট কার পুড়ে যায়।

হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights