ঘন কুয়াশায় জমে যাচ্ছে কুড়িগ্রাম
কুড়িগ্রাম প্রতিনিধি
ঘন কুয়াশা আর শীতে কাঁপছে কুড়িগ্রাম। আজ দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। ফলে বিপাকে পড়েছেন এখানকার বাসিন্দারা। ঘন কুয়াশা ও মেঘে ঢাকা ছিল পুরো জেলা।
স্থানীয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, আজ শনিবার জেলায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
ভোর থেকেই কুয়াশার কারণে সড়ক ও নৌপথে চলাচলে ব্যাঘাত ঘটেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ এবং নিম্নআয়ের পরিবারগুলো। অনেকে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে কাজে যেতে পারছেন না।
শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জেলার বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্রের চাহিদা বেড়েছে, তবে পর্যাপ্ত সহায়তা এখনও পৌঁছায়নি।
জেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানিয়েছেন, আগামী কয়েকদিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং সামান্য শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানিয়েছেন, জেলার শীত নিবারণে ১৮ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। ৫৪ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে, যা ইতিমধ্যে নয়টি উপজেলায় ভাগ করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম চলছে।
