ইনার মঙ্গোলিয়ায় আন্তর্জাতিক বরফ উৎসবে পর্যটকদের ভিড়
অনলাইন ডেস্ক
চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের মানঝৌলি শহরে শুরু হয়েছে ২২তম চীন-রাশিয়া-মঙ্গোলিয়া আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব।
শনিবার (২১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের পর্দা ওঠে। উৎসব উপলক্ষে মানঝৌলিতে স্থাপিত বরফ ও তুষার থিম পার্কে ভিড় জমাচ্ছেন দেশি-বিদেশি পর্যটকরা।
শীতের আবহে বরফে নির্মিত নান্দনিক ভাস্কর্য, আলোকসজ্জা ও বিনোদনমূলক আয়োজন দর্শনার্থীদের আকর্ষণ করছে। পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের পাশাপাশি শিশুদের মাঝেও দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস।
বরফে ঢাকা পার্কে শিশুদের খেলাধুলা ও আনন্দঘন মুহূর্ত উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও এই উৎসব অঞ্চলটির শীতকালীন পর্যটনকে নতুন গতি দেবে।
চীন, রাশিয়া ও মঙ্গোলিয়ার সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বন্ধন জোরদার করতে এই আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শীত মৌসুমজুড়ে উৎসবকেন্দ্রিক নানা আয়োজন চলবে বলে জানা গেছে।
তথ্য সূত্র- জিনহুয়া।
