নীলফামারী পৌরসভার অভিনব উদ্যোগ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী পৌরসভার উদ্যোগে নবনির্মিত কসাইখানার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে (২১ ডিসেম্বর) জেলা শহরের কলেজপাড়া এলাকায় ১৮ শতাংশ জমির ওপর নির্মিত এ কসাইখানার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত কসাইখানার ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম এবং নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান।

আধুনিক ও মানসম্মত এই কসাইখানার দুটি সেডে একযোগে ২০টি গরু ও ২০টি ছাগল জবাই করা যাবে। ভেটেরিনারি চিকিৎসকের উপস্থিতিতে শহরের কসাইরা এখানে পশু এনে পরীক্ষা-নিরীক্ষা শেষে জবাই করতে পারবেন। পৌরসভা নির্ধারিত ইমামের মাধ্যমে পশু জবাই করা হবে।

পৌর প্রশাসক সাইদুল ইসলাম বলেন, শহরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি কসাইখানা স্থাপন। এতদিন বিচ্ছিন্নভাবে পশু জবাই করে মাংস বিক্রি করা হতো, যা নিয়ে প্রশ্ন ছিল। আজ থেকে সেই সমস্যার সমাধান হলো।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নির্দিষ্ট এলাকায় জবাই করা পশুর মাংস পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নিয়ম মেনে এবং স্বাস্থ্যসম্মতভাবে কসাইখানাটি পরিচালিত হবে। পৌরসভা থেকে কসাইদের পরিচয়পত্র প্রদান করা হবে। পরিচয়পত্র ছাড়া কোনো কসাই পশু জবাই করতে পারবেন না।

পরে জেলা প্রশাসক নীলফামারী বড় মাঠ পরিদর্শন করেন। এ সময় বড় মাঠে মোটরসাইকেল প্রবেশ বন্ধে ব্যারিকেড স্থাপন কাজের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights