বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের বিশ্ব অটিজম দিবস উদযাপন

ঢাকার কেরাণীগঞ্জে অবস্থিত বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন (বিএসসিএফ) ও বসুন্ধরা টিস্যু’র পক্ষ থেকে বিশ্ব অটিজম দিবস উদযাপন করা হয়েছে। রবিবার বিশ্ব অটিজম দিবস উদযাপন করা হয়।

বসুন্ধরা গ্রুপের পরিচালক এবং বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান অটিজমগ্রস্ত শিশুদের মেধা বিকাশ ও তাদের সুন্দর ভবিষ্যত নির্মাণে প্রতি বছরই তাৎপর্যপূর্ণভাবে দিবসটি উদযাপন করেন। এরই ধারাবাহিকতায় এবার তিনি বিএসসিএফ স্কুল পরিদর্শনে যান।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএসসিএফ এবং বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ইনচার্জ মেজর (অব.) মোহসিনুল করিম, বিএসসিএফের প্রধান শিক্ষিকা শায়লা শারমিন, বসুন্ধরা পেপার মিলস্ লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিনসহ প্রায় ৩০০ অটিজমগ্রস্ত শিশু, তাদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাসহ আরও অনেকে।
চেয়ারম্যান ইয়াশা সোবহান সুবিধাবঞ্চিত অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের জন্য গড়ে তুলেছেন এই বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন এবং তার উদ্যোগেই বসুন্ধরা টিস্যু’র প্রতিটি পণ্যের বিক্রয়লব্ধ অর্থের একটি নির্দিষ্ট অংশ অটিজমগ্রস্ত শিশুদের স্কুলের উন্নয়নে ব্যয় করা হয়।

তিনি এদিনে বিএসসিএফের স্কুল পরিদর্শনে গিয়ে অটিজমগ্রস্ত শিশুদের সঙ্গে আন্তরিক সময় কাটান এবং তাদের হাতে ঈদ উপহার তুলে দেন।

তিনি এ সময় অটিজমগ্রস্ত শিশুদের জন্য সব ধরনের উন্নত চিকিৎসা ব্যবস্থা, জিমনেসিয়াম, আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিতসহ এই শিশুদের সব আবদার পূরণ করার প্রতিশ্রুতি দেন।

চেয়ারম্যান ইয়াশা সোবহান বলেন, এই অটিজমগ্রস্ত শিশুরা অনেক মেধাবী। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ওদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব। সেলক্ষ্যে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের ভোকেশনাল শিক্ষা, স্বাভাবিক জীবনযাপনের শিক্ষা, স্বাভাবিক কর্মজীবনের শিক্ষা, শারীরিক ও মানসিক শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে চার বিঘা জমির ওপর বিএসসিএফের স্কুল নির্মাণকাজ শুরু হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক নতুন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। আমার প্রত্যাশা এই শিশুরা সঠিক শিক্ষা নিয়ে ভবিষ্যতে কর্মক্ষেত্রে যোগদানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি এ সময় অটিজমগ্রস্ত শিশুদের ভবিষ্যত উন্নয়নের লক্ষ্যে দেশের সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএসসিএফ অভিভাবক সংগঠন থেকে ইয়াশা সোবহান এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়।

বিএসসিএফের শিক্ষার্থীদের এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights