রাজধানীতে গতকাল রিহ্যাব আবাসন মেলা উদ্বোধন করা হয় -বাংলাদেশ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে আবাসন খাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। গতকাল রিহ্যাবের আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কতৃর্পক্ষের নির্বাহী চেয়ারম্যান ফেরদৌসি বেগম। রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া, সিনিয়র সভাপতি মোহাম্মদ আখতার বিশ্বাসসহ অন্যরা।

আবাসন খাতের ব্যবসায়ীদের উদ্দেশে রাজউক চেয়ারম্যান বলেন, আপনাদের দেশের স্বার্থ দেখা দরকার। নির্মাণের মধ্যে সুন্দর শহর গড়ে তুলতে হবে। পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে হবে। আপনাদের মেধা আছে, দক্ষতা আছে, তা কাজে লাগাতে হবে। মোবাইল কোর্ট পরিচালনা ও মিটার জব্দ নিয়ে ‘বদনাম’ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি কখনোই চাই না রাজউককে মোবাইল কোর্ট পরিচালনা করতে হোক।

যদি রাজউক ও নির্মাতারা সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে একসঙ্গে কাজ করেন তাহলে এসবের প্রয়োজন পড়বে না।

শহর পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে রিয়াজুল ইসলাম বলেন, যে শহর বা ভবনে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, সেই উন্নয়ন কোনো কাজে আসে না। এতে কিছু ব্যক্তি লাভবান হয়, কিন্তু দেশ বা সমাজের উপকার হয় না। এ ক্ষেত্রে প্রথম দায়বদ্ধতা রাজউকের, কারণ পরিকল্পনা অনুমোদন ও তদারকির দায়িত্ব আমাদের। ড্যাপ গেজেট বাস্তবায়নে বাধার কথা উল্লেখ করে প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, অনেক ক্ষেত্রে আপনারা একমত না হলেও শেষ পর্যন্ত সহযোগিতা করেছেন। তবে এ গেজেট চূড়ান্ত নয়-আপডেট ও সংশোধনের সুযোগ রয়েছে। এজন্য টেকনিক্যাল কমিটি গঠন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights