বর্ণিল সাজে সাঁওতালপল্লি

দিনাজপুর প্রতিনিধি

‘বড়দিন’ খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব উদ্যাপনে বর্ণিল সাজে সেজেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাঁওতাল পাড়াগুলো। উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল অধ্যুষিত পাড়া রয়েছে ৭২টি। পাড়াগুলোর ৬৩টি গির্জায় জাঁকজমকভাবে বড়দিন উদ্যাপনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার সূর্যপাড়া, পারইল, বাসুদেবপুর, নথন, সিরামপুরের বাসিন্দারা নানা রকমের ফুল, বেলুন, নকশা কাগজ ও রং দিয়ে কয়েক দিন ধরেই সাজাচ্ছেন গির্জা ও বাড়িঘর। পাড়াগুলোতে গিয়ে দেখা যায়, রংতুলির আঁচড়ে নারীরা তাদের বাড়িগুলো সাজিয়েছেন। চুন এবং বিভিন্ন প্রকারের রং দিয়ে মাটির দেয়ালে কারুকার্যময় বিভিন্ন আলপনা ও ফুল এঁকেছেন তারা। অনেকে নতুন কাপড় কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।

সাঁওতাল নেতা কমল কিসকু বলেন, ‘জাঁকজমকভাবে বড়দিন উদ্যাপনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার ব্যাপ্টিস্ট, ক্যাথলিক, লাথারন, এফসিসি ও চার্চ অব গর্ডের ৬৩টি চার্চে প্রার্থনা করা হবে।’

কাজিহাল ইউপির পারইল কোদবীর ক্যাথলিক চার্চের ফাদার রবেন হাসদা বলেন, ‘খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার জন্য যিশুখ্রিস্ট জন্ম নিয়েছিলেন। বিশেষ প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হবে।’

ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বড়দিন উপলক্ষে উপজেলার ৬৩টি গির্জার প্রতিটিতে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights