আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে এক স্কুলশিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম দানিশ রাও। তিনি বিগত ১১ বছর ধরে ক্যাম্পাসের এবিকে হাইস্কুলে কম্পিউটার বিজ্ঞান পড়াতেন।
স্থানীয় সময় বুধবার রাত প্রায় ৮টা ৫০ মিনিটে দানিশ রাও দুই সহকর্মীর সঙ্গে হাঁটছিলেন। এ সময় স্কুটারে আসা দুই যুবক তাদের পথ আটকায় এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয়। হামলার আগে এক দুর্বৃত্ত দানিশকে বলে, “তুমি আমাকে এখনও চেনো না, এখন চিনবা।”
এরপর দানিশ রাওকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত জওহরলাল নেহরু মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছে।
জানা গেছে, ওই শিক্ষককে কমপক্ষে তিনটি গুলি করা হয়। এর মধ্যে দুটি গুলি তার মাথায় লাগে।
আলিগড়ের পুলিশ সুপার নীরজ যাদব জানিয়েছেন, স্কুটারে থাকা দু‘জনই গুলি চালায়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ছয়টি বিশেষ দল গঠন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলি জানান, রাতে গুলির খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টিভি
