নিলামে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের বিখ্যাত ব্যাগি গ্রিন
অনলাইন ডেস্ক
ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি বিখ্যাত ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ নিলামে উঠছে। এই ক্যাপটি ব্র্যাডম্যান নিজ হাতে উপহার দিয়েছিলেন ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার এস. ডব্লিউ. সোহোনিকে। গত ৭৫ বছরেরও বেশি সময় ধরে এটি সোহোনি পরিবারের কাছেই সংরক্ষিত ছিল।
আগামী বছরের ৬ জানুয়ারি লয়েডস অকশনসে ক্যাপটির নিলাম শুরু হবে। নিলামের প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে মাত্র ১ ডলার।
লয়েডস অকশনসের বিশেষজ্ঞ লি হ্যামস বলেন, ‘এটি ক্রিকেট ইতিহাসের একটি সত্যিকারের মূল্যবান নিদর্শন, যা ব্যক্তিগতভাবে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান উপহার দিয়েছিলেন।’
‘দ্য ডন’ নামে পরিচিত ব্র্যাডম্যানের এই ব্যাগি গ্রিন এর আগে কখনো বিক্রির জন্য তোলা হয়নি, এমনকি পরিবারের বাইরেও প্রদর্শিত হয়নি।
১৯৪৭–৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে সিরিজ চলাকালে ব্র্যাডম্যান এই ক্যাপটি ব্যবহার করেছিলেন। প্রকাশ্য নিলামে ওঠার ঘোষণার পর থেকেই ব্যক্তিগত সংগ্রাহক, জাদুঘর, বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত ব্র্যাডম্যান ১৯২৮ থেকে ১৯৪৯ সালের মধ্যে মাত্র ৫২টি টেস্ট ম্যাচ খেলেন। এই সময়ে তিনি করেন ২৯টি সেঞ্চুরি। ১৯৪৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় তার ব্যাটিং গড় ছিল ৯৯.৯৪—যা আজও অক্ষুণ্ন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্যমতে, ব্র্যাডম্যানের অভিষেক মৌসুমে ১৯২৮ সালে ব্যবহৃত প্রথম ব্যাগি গ্রিন ক্যাপটি ২০২০ সালে নিলামে বিক্রি হয়েছিল প্রায় সাড়ে চার লাখ মার্কিন ডলারে।
তবে ব্যাগি গ্রিন ক্যাপের জন্য সর্বোচ্চ মূল্যে বিক্রির রেকর্ডটি এখনো শেন ওয়ার্নের দখলে। ২০১৯–২০ সালের ভয়াবহ দাবানলে জরুরি পরিষেবার জন্য তহবিল সংগ্রহে তাঁর ব্যবহৃত একমাত্র ব্যাগি গ্রিন ক্যাপটি ১০ লাখ ৭ হাজার ৫০০ ডলারে কিনে নেয় কমনওয়েলথ ব্যাংক।
