ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন করার ঘোষণা দিল এসটিসি

অনলাইন ডেস্ক
আগামী দুই বছরের মধ্যে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে মুক্ত করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল (এসটিসি)।

গোষ্ঠীটির প্রেসিডেন্ট এইদারুস আল-জুবাইদি শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন।

ভাষণে এসটিসির প্রেসিডেন্ট বলেন, “আমাদের চূড়ান্ত লক্ষ্য স্বাধীনতা; আর এ লক্ষ্য অর্জনের জন্য আমরা একটি দুই বছর মেয়াদী রূপান্তর বা ক্রান্তিকালীন পর্ব শুরুর ঘোষণা দিচ্ছি। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেনের দক্ষিণ ও উত্তরের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন,“দুই বছর আলোচনার পর ইয়েমেনের দক্ষিণাঞ্চলে (স্বাধীনতার প্রশ্নে) আমরা গণভোটের আয়োজন করব।”

তবে সেই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন এইদারুস আল-জুবাইদি। ভাষণে তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করতে চাই। যদি আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনায় উৎসাহ না দেখায়, অথবা ফের যদি ইয়েমেনের দক্ষিণাঞ্চলের জনগণ, তাদের ভূমি এবং বাহিনীর ওপর কোনও ধরনের হামলা হয়, তাহলে আমরা দু’বছর অপেক্ষা করব না। তার আগেই স্বাধীনতা ঘোষণা করব। এটি একটি সাংবিধানিক ঘোষণা।

২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী ইয়েমেনে রাজধানী সানা দখল করার পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদিতে আশ্রয় নেন। হুথি বিদ্রোহীদের দমন এবং মনসুর আল হাদীকে ফের ক্ষমতায় ফেরাতে নিজেদের, আমিরাতের এবং ইয়েমেনের সেনাবাহিনীর সমন্বয়ে একটি প্রতিরক্ষা জোট গঠন করে সৌদি।

২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে অভিযানে নামে এই জোট। তবে অভিযান শুরুর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত হুথি গোষ্ঠীকে সেভাবে দুর্বল করা সম্ভব হয়নি। তবে গত প্রায় এক যুগ ধরে চেষ্টার পরও পুরো ইয়েমেন দখল করতে পারেনি হুথি গোষ্ঠী। বর্তমানে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে হুথি গোষ্ঠী এবং দক্ষিণাঞ্চল আছে ইয়েমেন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের দখলে (ওয়াইপিসি)। সৌদি আরব ও সৌদি নিয়ন্ত্রণাধীন জোট ওয়াইপিসিকে ইয়েমেনের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এদিকে ২০১৫ সালে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযানের সময় মিত্র হিসেবে জোটে যোগ দিয়েছিল এসটিসি। পরে অবশ্য তারা জোট থেকে সরে যায়।

এরপর ২০২২ সালে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাদ্রামাউতসহ দক্ষিণের বিস্তৃত এলাকা দখল করে এসটিসি। এ সময় আমিরাতের সঙ্গে তাদের মিত্রতা হয়। গত কয়েক বছর ধরে এসটিসিকে আমিরাত অস্ত্র-রসদ দিয়ে তাদের সহযোগিতা করছে বলে জানা গেছে।

এসটিসির সঙ্গে আমিরাতের আঁতাত সম্প্রতি প্রকাশিত হওয়ার পর গত ৩০ ডিসেম্বর ইয়েমেন থেকে নিজেদের সেনা প্রত্যাহার করতে আমিরাতকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সৌদি। সেই আল্টিমেটাম মেনে ইতোমধ্যেই সব সেনা প্রত্যাহার করে নিয়েছে আমিরাত। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights