খালেদা জিয়ার জন্য ঢাবিতে শোকসভা, রবিবার অর্ধবেলা ক্লাস স্থগিত
অনলাইন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবিবার একটি শোকসভার আয়োজন করা হয়েছে। এটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
শোকসভা উপলক্ষে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে শোক ঘোষণা করে তিনদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত করে প্রশাসন। ফলে গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
আজ শনিবার রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত বিভিন্ন কর্মসূচি ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে। এসব কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক শোকসভার আয়োজন করা হয়েছে।
শোকসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, সাবেক উপাচার্যবৃন্দ, সাবেক প্রো-উপাচার্যবৃন্দ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদবৃন্দ এবং ডাকসু’র ভিপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, এ শোকসভা আয়োজনের লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ কমিটি গঠন করেন।
কমিটির সদস্যরা হলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মহিউদ্দিন।
