টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে নড়েচড়ে বসেছে আইসিসি

অনলাইন ডেস্ক

টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি।

রবিবার (৪ জানুয়ারি) ছুটির দিন হওয়ায় আইসিসির কোনো সভা হয়নি। তবে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে আইসিসির মনোভাব ইতিবাচক। এক বা দুই দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

এর আগে রবিবার দুপুরে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ড গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে এবং ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কা এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, এই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট খেলতে ভারত সফর করবে না।

এই সিদ্ধান্তের আলোকে বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে অনুরোধ জানিয়েছে, যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়।

বোর্ডের মতে, বাংলাদেশি খেলোয়াড়, দলের কর্মকর্তা, বোর্ড সদস্য এবং সংশ্লিষ্ট সব অংশীজনের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং নিরাপদ ও উপযুক্ত পরিবেশে দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আইসিসির দ্রুত সাড়া ও সহমর্মিতা প্রত্যাশা করছে।

এর আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরই বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আলোচনা জোরালো হয়।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনেই কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে।

ভারত মূল আয়োজক হলেও হাইব্রিড মডেলের কারণে এবারের বিশ্বকাপের কিছু ম্যাচ শ্রীলঙ্কাতেও আয়োজনের সিদ্ধান্ত রয়েছে।

গত কয়েক দিন ধরে মোস্তাফিজুর রহমানকে দলে রাখার কারণে উগ্রপন্থীদের তোপের মুখে পড়ে কলকাতা নাইট রাইডার্স। এর পরিপ্রেক্ষিতেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights