জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহের আশঙ্কা

অনলাইন ডেস্ক
চলতি জানুয়ারিতে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ এক জলবায়ু বার্তায় বলা হয়েছে, এই মাসে মোট পাঁচটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, জানুয়ারিতে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র শৈত্যপ্রবাহ (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও ধাপে ধাপে তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়তে পারে।

জলবায়ু বার্তায় আরও বলা হয়, জানুয়ারির বিভিন্ন সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো দিন কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে, ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।

এ ছাড়া জানুয়ারি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির কোনো আশঙ্কা নেই। একই সঙ্গে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights