তারেক রহমান দেশে আসায় রাজনীতিতে ‘গুণগত পরিবর্তন’ এসেছে: দুলু

নাটোর প্রতিনিধি
নাটোর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন দুলু।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের আগমনের পর দেশে এক নীরব বিপ্লব ঘটেছে। রাজনীতিতে এসেছে গুণগত পরিবর্তন। বাংলাদেশের জনগণ ঐক্য ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ব দেখেছে এক নতুন বাংলাদেশ। একজন নেতার প্রত্যাবর্তন বদলে দিয়েছে একটি দেশকে।

নাটোর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যুর পর দেশে দ্রুত অনিশ্চয়তা ও অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছিল। হাদির মৃত্যুর পর সরকার প্রচণ্ড চাপের মুখে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষকে উদ্বিগ্ন ও শঙ্কিত করেছিল। এ রকম পরিস্থিতিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ছিল দেশের অনিশ্চয়তা ও অস্থিরতা দূর করার লক্ষ্যে একটি দৃঢ় পদক্ষেপ। তারেক রহমানের দেশে আসার পর গত ১০ দিনে বাংলাদেশ এক নতুন মেরুকরণের দিকে এগিয়ে গেছে।

তিনি আরও বলেন, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুকে বনপাড়ার মাটিতে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। বাবুকে গুরুতর আহত অবস্থায় পাটোয়ারী হাসপাতালে নেওয়া হলে সেদিন আওয়ামী লীগের বিনা ভোটের এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার হাত-পায়ের রগ কেটে বাবুর মৃত্যু নিশ্চিত করেছেন। অথচ এই খুনি আজ বড় বড় কথা বলে, আমার নেতাকে নিয়ে বাজে মন্তব্য করছেন। আমি আজ বলছি, বাবু হত্যার সঙ্গে যারা জড়িত, কাউকেই ছাড় দেওয়া হবে না।

একই সঙ্গে তিনি প্রশাসনকে সিদ্দিকুর রহমানকে গ্রেফতারে ৪৮ ঘন্টার সময় বেধে দেন এবং নেতাকর্মীদের কোনপ্রকার উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights