শৈত্যপ্রবাহ কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
তীব্র শীতে কাঁপছে সারা দেশ। বর্তমানে দেশের ৪৪ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আগামী রবিবার পর্যন্ত বিদ্যমান শৈত্যপ্রবাহ চলতে পারে। এ সময় সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনে সামান্য কমতে পারে। শনিবার রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রোববার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলা, খুলনা বিভাগের ১০ জেলা এবং বরিশাল বিভাগের ৬ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপ একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

এর আগে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights