ঘরে বসেই জানানো যাবে নির্বাচন সংক্রান্ত অভিযোগ

অনলাইন ডেস্ক

গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট অঞ্চলের ভোটার ও নাগরিকদের জন্য নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই নির্দিষ্ট কর্মকর্তা ও ইমেইলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছে ইসি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অঞ্চলভিত্তিক অভিযোগ গ্রহণ ও সমন্বয়ের জন্য নির্দিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সিলেট অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ।

ইসি জানায়, সিলেট বিভাগের নাগরিকরা সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বর ০১৭১৭২৪৪০৭৮-এ যোগাযোগ করে নির্বাচন সংক্রান্ত তথ্য বা অভিযোগ জানাতে পারবেন। একই সঙ্গে নির্ধারিত ইমেইল ঠিকানা sylhet.region.complain@ecs.gov.bd-এও অভিযোগ পাঠানো যাবে। এ ছাড়া কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ জানাতে centralcord.complain@ecs.gov.bd এবং mscentralcord.complain@ecs.gov.bd এই দুটি ইমেইল ঠিকানা চালু রাখা হয়েছে।

নির্বাচন কমিশন আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও অনুসন্ধানের লক্ষ্যে গত ১৪ ডিসেম্বর ২০২৫ দেশের ৩০০ সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন আসনসংক্রান্ত অভিযোগ এসব কমিটির কাছেও সরাসরি দাখিল করা যাবে।

ইসির মতে, এই উদ্যোগ সিলেট বিভাগসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সহায়ক হবে। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights