আইপিএল বিতর্কের মাঝেও ছন্দে মুস্তাফিজ, রহস্যময় পোস্টে জল্পনা
স্পোর্টস ডেস্ক
আইপিএল থেকে শেষ মুহূর্তে বাদ পড়ার ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণ দেখানো হলেও বিষয়টি বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দেয়। আলোচনা গড়ায় দুই দেশের ক্রিকেট বোর্ড ছাড়িয়ে সরকারি পর্যায়েও।
তবে মাঠের বাইরের এই বিতর্ক মুস্তাফিজের পারফরম্যান্সে কোনো ছাপ ফেলতে পারেনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই বাঁহাতি পেসার। নতুন বল কিংবা ডেথ ওভার, দুই ক্ষেত্রেই নিয়মিত উইকেট তুলে নিচ্ছেন তিনি। তার কিপটে ও আগ্রাসী বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটাররা ভুগছেন, যার সুফল পাচ্ছে রংপুর রাইডার্স।
এই ব্যস্ততার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় এক পোস্ট দিয়েছেন মুস্তাফিজ। হোটেলের ছাদে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছি।’ সংক্ষিপ্ত এই পোস্ট ঘিরে শুরু হয়েছে ভক্তদের নানা জল্পনা। অনেকের ধারণা, চলমান টানাপোড়েনের মধ্যেও নিজেকে মানসিকভাবে শান্ত ও স্থির রাখার বার্তাই দিতে চেয়েছেন তিনি।
এর আগের রাতেও আরেক পোস্টে মুস্তাফিজ লিখেছিলেন, ‘চোখ মাঠে, মন জয়ের দিকে।’ এই কথাতেই যেন স্পষ্ট, সব বিতর্কের জবাব তিনি দিতে চান পারফরম্যান্স দিয়েই।
