সাগর থেকে ১৩ নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বঙ্গোপসাগরের ভাসানচরের কাছাকাছি এলাকা থেকে বিপদগ্রস্ত একটি জাহাজের ১৩ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (১ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি জানান, শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘এমভি হুমাইরা’ জাহাজটি চট্টগ্রাম থেকে কয়লা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকা সত্ত্বেও জাহাজটি সাগর পাড়ি দিতে থাকে। একপর্যায়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজটির হ্যাজ কভার ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে পানি ঢুকতে থাকে। এ সময় ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি নিয়ন্ত্রণহীন ভাবে উত্তাল সাগরে ভাসতে থাকে। ভাসতে ভাসতে জাহাজটি ভাসানচর লাইট হাউস থেকে আনুমানিক ১০.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে নোঙর করে। এ সময় জাহাজের নাবিকরা প্রশাসনের কাছে মোবাইলে সহায়তা চাইলে কোস্টগার্ডের নিয়মিত টহলে থাকা ‘বিসিজিএস সবুজ বাংলা’র অধিনায়ক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

শনিবার রাত সাড়ে দশটার দিকে পরিচালিত এই অভিযানে জাহাজের ১৩ নাবিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়া হয়। পরে তাদের স্থলভাগে নিয়ে আসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights