আরেক ধাক্কা, ভারত নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট থেকে বেরিয়ে গেল আমেরিকা!
অনলাইন ডেস্ক
রফতানি পণ্যে শুল্ক আরোপ নিয়ে উত্তেজনার মধ্যেই ভারত নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌর জোট (আইএসএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার এক নির্বাহী আদেশে আইএসএ থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপকে ভারতের জন্য একটি কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
একই আদেশে জাতিসংঘের ৩১টি সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিপরীতে কাজ করায় এসব সংস্থা থেকে তার দেশ প্রস্থান করেছে।
জানা গেছে, ভারতের হরিয়ানার গুরুগ্রামে আইএসএ’র সদর দফতর অবস্থিত। ২০১৫ সালে প্যারিসে জলবায়ু সম্মেলনের (কপ২১) সময় ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে এই জোট গঠিত হয়। কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী ১২০টির বেশি দেশে সৌরশক্তির বিস্তার ঘটানোই ছিল এর মূল লক্ষ্য।
জোটের লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে এক লাখ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে এক হাজার গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা।
বর্তমানে ১০০টির বেশি দেশ এই জোটের সদস্য। তবে কয়েক বছর ধরে এর কাজের গতি নিয়ে সমালোচনা চলছিল। বিশেষ করে আফ্রিকা ও লাতিন আমেরিকায় অনেক প্রকল্পের প্রাথমিক কাজ সম্পন্ন হলেও তা এখনও চালু করা সম্ভব হয়নি।
জলবায়ু পরিবর্তনকে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ‘ধোঁকাবাজি’ বলে অভিহিত করে আসছেন। তিনি মনে করেন, নবায়নযোগ্য জ্বালানির চেয়ে কয়লা বা জীবাশ্ম জ্বালানি মার্কিন অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য বেশি কার্যকর।
২০২৫ সালে ক্ষমতা নেওয়ার পর থেকেই ট্রাম্প পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পগুলোর রাশ টেনে ধরেন। আর ঠিক এ কারণেই তিনি আইএসএ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
