তারকাদের গোপন বিয়ে
শোবিজ ইন্ডাস্ট্রিতে সম্পর্ক, প্রেম, বিয়ে নিয়ে লুকোচুরি করাটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। যেখানে বাইরের দেশের তারকারা ঢাকঢোল পিটিয়ে বিয়ে করেন, সেখানে এ দেশের তারকারা এসব সংবাদ গোপন রাখতেই বেশি পছন্দ করেন। পরে জানাজানি হলে বলেন, ‘এটা একান্তই ব্যক্তিগত’। সম্প্রতি তাহসান-রোজার বিচ্ছেদ এবং জেফার-রাফসান সাবাবের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবরে নতুন করে শোবিজ তারকাদের গোপন বিয়ে নিয়ে শুরু হয়েছে আলোচনা। লিখেছেন- পান্থ আফজাল
রাফসান-জেফার
সম্প্রতি জেফার রহমান ও রাফসান সাবাবের গাঁটছড়া বাঁধার খবর ভেসে বেড়ালে সবাই হতভম্ব হয়ে যায়। হঠাৎ করেই বিয়ের এক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে সাংবাদিকসহ সাধারণ ভক্তরা জানতে পারেন এ খবরটি। গত দুই বছর বিনোদন অঙ্গনে জেফার-রাফসানের প্রেম নিয়ে গুঞ্জন কম হয়নি। এই সম্পর্ককে নিছক উড়িয়ে দিয়ে বরাবরই নিজেদের বন্ধু ও সহকর্মী হিসেবে পরিচয় দিয়ে এসেছেন দুজনে। কিন্তু কী হলো শেষমেশ? গুঞ্জনই সত্যি হলো! এই বিয়ের পর সমাজমাধ্যমে অনেকে তাদের দুজনকে নিয়ে ট্রোলও করেছেন। এমনকি রাফসান সাবাবের আগের স্ত্রী চিকিৎসক সানিয়া সুলতানা এশার সঙ্গে বিচ্ছেদের জন্য দায়ীও করেছেন রাফসানকে। মজার বিষয় হলো, রাফসান জেফারকে বিয়েও করেছেন সাবেক স্ত্রী এশার জন্মদিনে!
তাহসান-রোজা
ঠিক এক বছর আগে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর জানান গায়ক-অভিনয়শিল্পী তাহসান রহমান খান। যুক্তরাষ্ট্র প্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে সে সময় বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে টানা কয়েক দিন ট্রেন্ডিংয়ে ছিল তাহসানের বিয়ের খবর। তবে বছর না ঘুরতেই আসে বিচ্ছেদের সংবাদ। এর আগে তাহসান বিয়ে করেছিলেন মিথিলাকে। সম্পর্কের বনিবনা না হওয়াতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনেই।
শাকিব-অপু-বুবলী
নায়ক শাকিব খানও বিয়ে করে গোপন রেখেছিলেন খবরটি। তাঁর স্ত্রী অপু বিশ্বাস যখন সন্তানসম্ভবা হন তখন থেকেই একটু একটু করে শাকিব খানের গোপন বিয়ের খবরটি প্রকাশ্যে আসতে থাকে। শাকিব-বুবলীর সম্পর্ক-বিয়ে ও সন্তান নিয়েও মিডিয়ায় কম জল ঘোলা হয়নি। এরপর শাকিব ফের বিয়ে করেন বুবলীকে। সন্তান জন্মের পর সবার সামনে আসে দুজনের সম্পর্কের বিষয়। এখনো শাকিব-অপু বা শাকিব-বুবলীর বিয়ে, তাঁদের দুই সন্তান আলোচনার টেবিলে। শাকিব দুই সন্তানকে মেনে নিলেও অপু-বুবলীকে মেনে নেননি বলে থাকেন। কিন্তু মাঝেমধ্যে অপু ও বুবলীর সঙ্গে তাঁকে দেখা যায়।
পরী-রাজ
পরীমণি-রাজের বিয়ে, সন্তান নিয়েও কম আলোচনা হয়নি। গোপনে বিয়ে করেন রাজ-পরী। সিনেমার সেটে প্রেম, এরপর গোপনে বিয়ে ও অতঃপর সন্তান আগমনের খবর দেন ঢালিউড পরী-রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করে এ তারকা জুটি। পরের বছরের ১০ আগস্ট এ দম্পতির ঘর আলো করে আসে তাঁদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। বিয়ের এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। সংসার ভাঙার পর সন্তানকে নিজের কাছেই রেখে দেন পরীমণি। ছেলের সব দেখভালের দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি। অন্যদিকে রাজ ব্যস্ত হয়ে পড়েন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে।
ইমন-আয়েশা ও সাইমন-দীপা
অভিনেতা ইমন মিডিয়া ক্যারিয়ারের শুরুতেই বিয়ে করেছিলেন আয়েশা ইসলামকে। কিন্তু এ বিয়ের কথা কখনোই প্রকাশ্যে আনেননি। সন্তানের বাবা হওয়ার অনেক পর তাঁর বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। একই পথের পথিক সাইমন সাদিকও। তিনিও অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকেই বিয়ে করেন। ৯ বছর প্রেমের পর ২০১৪ সালের ২৩ ডিসেম্বর বিয়ে করেন। তাঁর স্ত্রীর নাম দীপা সাদিক। দুই সন্তানের বাবা হওয়ার পর বিয়ের খবরটি প্রকাশ্যে নিয়ে আসেন।
রোশান-এশা, শখ ও নিলয়ের দ্বিতীয়বার বিয়ে
তিন বছরের প্রেমের পর ২০২০ সালের ১১ জুন বিয়ে করেন চিত্রনায়ক জিয়াউল রোশান। পাত্রীর নাম তাহসিন এশা। তবে নায়কের সেই বিয়ের খবর জানা গিয়েছিল তিন বছর পর! অন্যদিকে অল্প সময়েই তাঁদের ঘর আলো করে সন্তান আসে। নিলয়ের সঙ্গে বিচ্ছেদর পর ব্যবসায়ী রহমান জনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শখ ২০২০ সালে। শখ সন্তানের মা হয়েছেন! বিয়েটা গোপনই ছিল। নিলয়ও দ্বিতীয়বার হুট করে বিয়ে করেন হৃদিকে, এরপর মিডিয়ায় প্রকাশ করেন।
পপির গোপন বিয়ে
পপির উধাও হওয়া, গোপন বিয়ে, সংসার ও সন্তান জন্মদান নিয়েও মিডিয়ায় একসময় চলেছিল ধোঁয়াশা। অথচ যেকোনো খবর সংবাদকর্মীদের নিজ থেকেই জানাতেন পপি! কিন্তু বিয়ের খবর জানাতে অনিচ্ছুক ছিলেন। এখন অবশ্য স্বামী-সন্তান নিয়ে সুখেই আছেন পপি।
বিয়ে বিষয়ে আরও যাঁরা আলোচনায়…
আদনান ফারুক হিল্লোল ও নওশীন এবং শোয়েব ও মৌসুমী নাগ বিয়ে করে কয়েক বছর সংসার করার পর তাঁদের বিয়ের খবর প্রকাশ হয়। বিয়ে করে অভিনয় ক্যারিয়ারকে গুডবাই জানিয়েছেন লামিয়া সিদ্দিকী মিমো। মিম মানতাসার গোপন বিয়ে একসময় প্রকাশ্যে আসে। গোপনে মাহিয়া মাহি-পারভেজ অপু ২০১৬ সালের ২৪ মে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পাঁচ বছরের মাথায় বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন। বিচ্ছেদের পর গাজীপুরের ব্যবসায়ী রাকিবকে বিয়ে করেন। ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা সুবাহ শাহ হুমায়রা বিয়ে করেছিলেন ইলিয়াসকে, সেটাও গোপনে! তবে এই বিয়ের সম্পর্ক ছেদ করে ইলিয়াস পরে কানিজ নাজকে বিয়ে করে সুইডেনে চলে যান। এ তালিকায় যোগ হয় আঁচল-অমির বিয়ে। একসময় সিমলা-পলাশ, শাবনূর-অনীকের গোপন বিয়ের ব্যাপারটি প্রকাশ্যে আসে দীর্ঘদিন পর। এর আগে ওমর সানী-মৌসুমীর প্রেম ঘটনা নিয়ে বিশদ গুঞ্জন হলেও হঠাৎ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের কথা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেন তাঁরা। বিয়ের চার বছর পর নিজেদের বিয়ের খবর প্রকাশ করেছিলেন মম-শিহাব শাহীন। জিয়াউল ফারুক অপূর্বর দ্বিতীয় বিয়েটাও হয় গোপনে। গোপনে গাঁটছড়া বাঁধেন প্রসূন আজাদ। নুসরাত ফারিয়া বাগদান সারলেও বিয়ে নিয়ে গণমাধ্যমে একসময় বলেছেন ভিন্ন কথা। ফারিয়া শাহরিনও বিয়ের বিষয় গোপন করেছিলেন। মিডিয়ায় না জানিয়ে নাজিরা মৌ গোপনে বিয়ে করে এখন সংসার করছেন। সুমাইয়া শিমুও গোপনে বিয়ে করেন একসময়। কিছুদিন আগে তানজীব সারোয়ার, পার্থ শেখ, আরাফাত মহসিন নিধি-রাবা খান, শেখ ইশতিয়াক, জাহিদ নিরব কিংবা মায়মুনা মম-রাফায়েলের বিয়েও হয়েছে মিডিয়াকে না জানিয়ে, বলা যায় গোপনেই। গত বছরের ২০ সেপ্টেম্বর নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে দ্বিতীয়বার বিয়ে করেন শবনম ফারিয়া। পাত্রের নাম তানজিম তৈয়ব। এর আগে ২০২২ সালে বিদ্যা সিনহা মিম ও সনি পোদ্দারও একই পথে হেঁটেছিলেন। এর আগে শোবিজ বাতাসে উড়েছিল সাবিলা নূর-নেহালের সম্পর্ক, প্রেম ও বিয়ের খবর। সেটা নিয়ে সংবাদ হলে গুজব বলে উড়িয়ে দিলেও পরে দুজনে ঠিকই গাঁটছড়া বাঁধেন। টয়া-শাওনের বিয়েটাও হুট করেই হয়। মেহজাবীন-আদনান রাজীবের সম্পর্ক নিয়ে একাধিকবার আলোচনা হলেও শেষ পর্যন্ত গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন দুজনে। তারপর? গুঞ্জনটাই সত্যি হয়। অন্যদিকে ভাবনা-অনিমেষের মধ্যকার সম্পর্ক ‘জাস্ট ফ্রেন্ড’ বলে অভিহিত হলেও তাঁরা অনেক আগেই গাঁটছড়া বেঁধেছেন বলে এখনো গুঞ্জন রয়েছে। ২০২৪ সালে কিছু বন্ধুকে সঙ্গে নিয়ে জোভান আহমেদ গোপনেই বিয়ে করেছেন নির্জনাকে। সালহা খানম নাদিয়া ও সালমানও কাছের বন্ধুদের নিয়ে বিয়ে পর্ব সেরেছেন। অন্যদিকে ২০২৪ সালে ভালোবাসা দিবসের দিনে অর্চিতা স্পর্শিয়া-সৈয়দ রিফাত নাওঈদ গাঁটছাড়া বাঁধেন। তানহা তাসনিয়া-অভির বিয়েও হয়েছে। কিন্তু প্রকাশ করছেন না। এর আগে প্রীতম-শেওতাজ, নাদিয়া মিম, সালমা, ন্যান্সি, পুতুল, কনা, ইলিয়াস, কর্ণিয়াসহ অনেক তারকা শিল্পীও বিয়ে করেছিলেন চুপিচুপি। দীর্ঘদিনের প্রেমিকা অবন্তীকে নীরবে বিয়ে করতে চেয়েছিলেন সিয়াম আহমেদও।
