দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন রিচার্লিসন

অনলাইন ডেস্ক

হ্যামস্ট্রিং চোটে পড়েছেন টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড রিচার্লিসন। কোচ থমাস ফ্রাঙ্ক নিশ্চিত করেছেন, আগামী ৬-৭ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান তারকাকে।

১০ জানুয়ারি অ্যাস্টন ভিলার বিপক্ষে এফএ কাপের ম্যাচে চোট পান রিচার্লিসন। ম্যাচের ৩১ মিনিটে বলের পেছনে দৌড়ানোর সময় মাংসপেশিতে টান অনুভব করলে মাঠ ছাড়েন তিনি।

২৮ বছর বয়সী রিচার্লিসন চলতি মৌসুমে টটেনহ্যামের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন। ২১ ম্যাচে ৭ গোল করা এই ব্রাজিলিয়ানের অনুপস্থিতি স্পার্সের জন্য বড় ধাক্কা।

শনিবার লন্ডন ডার্বিতে ওয়েস্টহ্যামের মুখোমুখি হবে টটেনহ্যাম। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৭ ম্যাচে মাত্র একটিতে জিতেছে স্পার্স।

এফএ কাপ থেকে অ্যাস্টন ভিলার কাছে হেরে বিদায় নিয়েছে টটেনহ্যাম। প্রিমিয়ার লিগে বর্তমানে থমাস ফ্রাঙ্কের দলের অবস্থান ১৪ নম্বরে।

ব্রাজিলের জার্সিতে ৫৪ ম্যাচে ২০ গোল করেছেন রিচার্লিসন। কোচ কার্লো আনচেলত্তির দলে নিয়মিত ডাক পাচ্ছিলেন। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচে রিচার্লিসনকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হতে পারে আনচেলত্তিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights