নির্বাচনে দায়িত্বরতরা অবশ্যই নিরপেক্ষ থাকবেন: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নওগাঁ প্রতিনিধি
মতবিনিময় সভায় অংশ নেওয়ার আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার

আগামী সংসদ নির্বাচন ও গণভোটে যারা দায়িত্বে থাকবেন, সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার।

নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতে মঙ্গলবার বিকেলে নওগাঁয় আয়োজিত এক মতবিনিময় সভার আগে এ কথা বলেন তিনি।

ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেন, বর্তমানে মাঠে ভোটের তেমন ইমেজ না থাকলেও প্রতীক বরাদ্দের পর ভোটের আবহাওয়া পালটে যাবে। প্রচার-প্রচারণার মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরো বলেন, শহর থেকে প্রত্যন্ত বাজার এলাকায়ও প্রচার-প্রচারণা চলছে। উঠান বৈঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মা সমাবেশসহ বিভিন্ন সভা-সেমিনারে প্রচার-প্রচারণা চলছে। যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন, যে দলই আপনারা করুন না কেন, তারা অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবেন। আমরা সবাই মিলে জাতিকে যেন একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি।

পরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়াম মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা।

এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিস সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময়ের শুরুতে গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ও থিম সং প্রচার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights