জমটুপি পরানোর সময় অভিযুক্ত সেনা কর্মকর্তাকে দেখে ফেলি
নিজস্ব প্রতিবেদক
গুমের সময় জমটুপি পরানোর সময় দায়িত্বরত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মখছুরুল হককে দেখেছিলেন বলে ট্রাইব্যুনালে জবানবন্দিতে দাবি করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। জামায়াতের সাবেক আমির গোলাম আযমের ছেলে আযমী ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় করা মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। পরে তার জবানবন্দি চলমান অবস্থায় আজ (সোমবার) পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এদিকে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। এর আগে গত ২০ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।
অন্যদিকে গণ অভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে আসামিদের হাজিরে ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন আবদুস সাত্তার পালোয়ান। তিনি এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরেন। এ ছাড়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার প্রার্থনা করলে তা গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেপ্তার রয়েছেন তিনজন। বাকি ছয়জনকে গ্রেপ্তার করে আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে আদালতে হাজির করতে বলা হয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন- গৌরীপুর থানার তৎকালীন ওসি সুমন চন্দ্র রায়, এএসআই দেলোয়ার হোসেন ও আওয়ামী লীগ নেতা সানাউল।
এদিকে, যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে শিবিরের দুই নেতাকে গুলি করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন এসপি আনিসুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।
জবানবন্দিতে যা বললেন আমান আযমী : জবানবন্দিতে সাবেক সেনা কর্মকর্তা আযমী বলেন, ‘২০১৬ সালের ২২ আগস্ট রাত সাড়ে ৯টায় রাজধানীর বড় মগবাজারে আমার বাসার সামনে অনেকগুলো মাইক্রোবাসসহ সাদা পোশাকে ৫০-৬০ জন লোক আসেন। তাদের বেশ কিছুসংখ্যক আমার বাসায় ঢোকেন। ওই সময় কিছু জিজ্ঞেস না করেই হাতকড়া পরাতে হাত এগিয়ে দিতে বলেন। আমি তাদের পরিচয়পত্র ও কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না দেখতে চাই। জানতে চাই তারা আইন প্রয়োগকারী সংস্থার লোক কি না। জবাব না দিয়ে আক্রমণাত্মক মনোভাব নিয়ে আমাকে বারবার হাত দেওয়ার জন্য বলতে থাকেন। অবস্থাদৃষ্টে মনে হয়েছিল তারা আমাকে শারীরিকভাবে হেনস্তা করবেন। এতে নিরুপায় হয়ে দুই হাত এগিয়ে দেই। এরপর প্রথমে হাতকড়া পরানো হয়। পরে চোখ বেঁধে গাড়িতে তুলে জমটুপি পরিয়ে দেয়। তবে যখন জমটুপি পরায়, তখন চোখের বাঁধন সামান্য নেমে যায়। এতে আমি বাইরের আলো সামান্য দেখতে পাচ্ছিলাম। ফলে জমটুপি পরানোর আগে আমাকে অপহরণকারী ব্যক্তিদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল মখছুরুল হককে চিনে ফেলি। আমার জানা ছিল তিনি ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা। আমি মখছুরুলকে চিনলেও বুঝতে দেইনি। কারণ তা জানলে আমার জীবনের জন্য হুমকিস্বরূপ হতে পারে বলে মনে করেছিলাম। এ কর্মকর্তা আমার সঙ্গে চরম দুর্ব্যবহার করেন।’
কম সাজাপ্রাপ্তদের আপিল নিষ্পত্তি পর্যন্ত মুক্তি না দিতে নির্দেশ : জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন থেকে ছয় বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারামুক্তি না দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে কনস্টেবল সুজন হোসেনের বিষয়ে দেওয়া পর্যবেক্ষণ স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
