আমরা বিজয়ী হলে কক্সবাজারবাসী মন্ত্রী পাবে: জামায়াত আমির

কক্সবাজার প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি জামায়াত ইসলামীর বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। সবার বিজয় হলে আমিও তাতে বাদ পড়ব না। আমরা বিজয়ী হলে কক্সবাজারবাসী মন্ত্রী পাবে। এখন অপনারা সবাই ঠিক করেন— এমপি নেবেন, না মন্ত্রী নেবেন।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। যারা ‘না’র পক্ষে অবস্থান নেবে, তারা আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। জামায়াত ক্ষমতায় গেলে যারা টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতরে হাত দিয়ে টাকা তুলে আনব।

বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বলেন, জুলাইয়ের পরিবর্তন ও বিপ্লবের কারণেই আজ আমি আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। যারা জীবন দিয়ে আমাদের এই মুক্তি এনে দিয়েছে, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। তারা রক্ত না দিলে বাংলাদেশ যে অন্ধকারের গহ্বরে তলিয়ে গিয়েছিল, সেখান থেকে বের হওয়া সহজ ছিল না।

তিনি আরও বলেন, মহেশখালী ও কুতুবদিয়া কাজের বিশাল পটেনশিয়াল জায়গা। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমরা এই অঞ্চলকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়েও উন্নত মানে নিয়ে যেতে পারবো।

দেশের মানুষের ধৈর্য ও মহানুভবতার প্রশংসা করে তিনি বলেন, বিদেশের বড় বড় দেশে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ চলে গেলে হাজার হাজার দোকান লুট হয়, মা-বোনদের ইজ্জত লুণ্ঠন হয়। কিন্তু বাংলাদেশে ৫ই আগস্টের পর চারদিন কোনো সরকার ছিল না, তবুও আমাদের দেশের মানুষ ধৈর্য ধরে পরিস্থিতি সামলেছে। আমাদের দেশের মানুষ ভালো, কিন্তু যারা নেতৃত্ব দিয়েছে তারা পচা। তাই আমরা এখন পচা নেতৃত্ব সংস্কার করতে এসেছি।’

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, এই বাংলাদেশ আর ধীরগতিতে চলবে না, এখন আমাদের ‘জাম্প’ করতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights