নারীদের নিয়ে একটি দল অবমাননাকর বক্তব্য দিচ্ছে : সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে একটি দলের প্রধান অবমাননাকর বক্তব্য দিচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাই। যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না, তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না।

সোমবার সকালে কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া উপজেলা ছাত্রদল আয়োজিত মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এই অবমাননাকর বক্তব্য দিয়েছে, তারা নারীদের ঘরে আবদ্ধ করে রাখতে চায়, কর্মস্থলে যেতে দিতে চায় না। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিতে কথা বলছে যাতে নারীদের কর্মসংস্থান না হয়।

তিনি বলেন, এদেশে সাম্য, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বির্নিমাণের জন্য মুক্তিযুদ্ধ ও ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। কিন্তু একটি দল তার বিপরীতে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের জন্য অনেক নারীকে মনোনয়ন দিয়েছি। অথচ ওই দল জাতীয় সংসদে নির্বাচনের জন্য কোনো নারীকে মনোনয়ন দেয়নি। তাদের কর্মকাণ্ডেই বোঝা যায় যে, তারা এদেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়। তারা নারীদের অগ্রগতি প্রগতি সমৃদ্ধি ও মর্যাদা দিতে চায় না। এগুলো হলো মধ্যযুগীয় ভাবনা।

এই বিএনপি প্রার্থী বলেন, আমাদের দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী, তেমনি পৃথিবীর প্রায় দেশেও তাই। এই অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে বা অন্ধকারে ফেলে রেখে কোনো দেশ বা পৃথিবী কখনো এগিয়ে যেতে পারে না।

তাই তিনি ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নারী অবমাননার প্রতিবাদ জানাতে আহ্বান জানান।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বলেই আজ নারী শিক্ষার হার অনেক বেড়েছে। আমাদের নারীরা পর্দানশীন ও প্রগতিশীল। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের অগ্রগতি প্রগতি ও সমৃদ্ধি নিয়ে আসবে।

বিএনপির পরিকল্পনায় নারী সমাজকে ক্ষমতায়ন করবে মর্যাদাবান ও অর্থনৈতিক সচ্ছলতা আনবে বলেই দাবি বিএনপির এই শীর্ষ নেতার।

অনুষ্ঠানে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী ও উপজেলা ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights