শিগগিরই শহীদ চান্দু স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে শিগগিরই উন্নয়ন কাজ শুরুর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার দুপুর ২টার দিকে স্টেডিয়ামটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সারাদেশের খালি জায়গা চিহ্নিত করে খেলার মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা মহানগরসহ গ্রামীণ জনপদে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ চান্দু স্টেডিয়াম একসময় আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে পরিচিত ছিল। এটিকে পুনরায় সেই অবস্থানে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মানদণ্ড অনুসরণ করে আধুনিকায়ন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, বগুড়ায় আলাদা কোনো জেলায় স্টেডিয়াম না থাকায় এটি দেশের মধ্যে ব্যতিক্রম। সরকারের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে এই স্টেডিয়ামকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামটিকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবির কর্মকর্তারা একমত হয়েছেন।

এছাড়া আগামী জুলাই মাসে এখানে অনূর্ধ্ব-১৯ নারী বিপিএল আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে দ্রুত কাজ শুরু করে প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights