খেলাধুলাকে রাজনৈতিক রূপ দেওয়া লজ্জাজনক: শশী থারুর

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ক্রিকেট বিশ্বে উত্তেজনা ও অস্থিরতা বেড়েছে। ভারতের কংগ্রেস নেতা শশী থারুর মনে করেন, একের পর এক বিতর্কমূলক ঘটনার কারণে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পাকিস্তানের ম্যাচ বর্জনের ঘোষণার পরই এমন প্রতিক্রিয়া দিলেন তিনি।

৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে দশম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে মাঠের বাইরে রাজনীতির উত্তাপ ইতিমধ্যেই টুর্নামেন্টে ছাপ ফেলেছে। আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান ঘোষণা করেছে, তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।

বার্তা সংস্থা এএনআই-এর ভিডিওতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে থারুর উল্লেখ করেছেন, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাই এই পরিস্থিতির মূল সূত্র। ভারতের সাম্প্রদায়িক চাপের মুখে ৩ জানুয়ারি মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। থারুর বলেন, ‘খেলাধুলাকে রাজনৈতিক রূপ দেওয়া লজ্জাজনক। মুস্তাফিজকে খেলার চুক্তি থেকে বঞ্চিত করা উচিত হয়নি। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

মুস্তাফিজের আইপিএল বিতর্কের প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা সমস্যার কারণে বিশ্বকাপের ভেন্যু বদলাতে আইসিসিকে অনুরোধ করেছিল। কিন্তু আইসিসি অনুরোধটি মেনে নেয়নি এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির দ্বিমুখী আচরণের অভিযোগও তুলেছে।

কংগ্রেস নেতা থারুর পুরো বিষয়টি একসূত্রে গাঁথা বলে মনে করেন, ‘অমার মনে হয়, বাংলাদেশের প্রতিক্রিয়াটি মাত্রাতিরিক্ত ছিল, তবে এটি একই পরিস্থিতির প্রতিফলন এবং পাকিস্তান মূলত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশের চেষ্টা করছে। পুরো বিষয়টি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমাদের বোঝা উচিত যে খেলাধুলা মানুষের মিলনের জায়গা। এভাবে পরিস্থিতি চলতে দেওয়া ঠিক নয়।’

তিনি আরও বলেন,’এটি সবার জন্য সতর্কবার্তা। এখনই সময়, অর্থহীন দ্বন্দ্ব বন্ধ করে সবাই একত্রিত হোক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights